
নাটোর (সিংড়া) প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি (VGD) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হতদরিদ্র উপকারভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ উপজেলা খাদ্য গুদাম থেকে সুকাশ ইউনিয়ন পরিষদের ২৪৭ জন দুস্থ নারীর জন্য বরাদ্দকৃত মার্চ মাসের চাল উত্তোলন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সোহরাব। তবে অভিযোগ রয়েছে, ওই চাল প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে তিনি কালোবাজারে বিক্রি করে দেন।
এদিকে, চাল বিতরণ না করেই গত ১১ মার্চ তা বিতরণ করা হয়েছে মর্মে ভুয়া প্রত্যয়নপত্র ও মাস্টাররোল প্রস্তুত করা হয়। পরে সেসব কাগজপত্র উপজেলা নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী নারীরা অভিযোগ করে বলেন, তারা এখনও পর্যন্ত কোনো চাল পাননি। অথচ কাগজপত্রে তাদের নামে চাল বিতরণ দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম ও প্রতারণা।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান সোহরাবের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।